নরসিংদী সদর উপজেলার বড় বাজার মাছপট্টিতে ভেজালবিরোধী অভিযান চালিয়ে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভেজালযুক্ত প্রায় ১০ কেজি চিংড়ি মাছ জব্দ করে ধ্বংস করা হয়।
আজ বুধবার অভিযান পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেফতাহুল হাসান। তিনি জানান, ভোক্তাদের সঙ্গে প্রতারণা ও খাদ্যে ভেজাল ঠেকাতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। অভিযানে এক ক্ষুদ্র ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানের সময় চিংড়ি মাছে অবৈধভাবে জেলি মেশানোর প্রমাণ পাওয়া যায়। পরে ভেজালযুক্ত মাছগুলো জনসম্মুখে বিনষ্ট করা হয়।
অভিযানে প্রসিকিউশন ও সার্বিক সহযোগিতা করেন সদর উপজেলা মৎস্য কর্মকর্তা। আইনশৃঙ্খলা রক্ষায় নরসিংদী জেলা পুলিশের সদস্যরাও অংশ নেন।





