হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা–সিলেট মহাসড়ক প্রায় আড়াই ঘণ্টা অবরোধ করে রাখেন পরিবহন মালিক-শ্রমিকরা। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রী সাধারণ।
আজ শনিবার (১৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে শায়েস্তাগঞ্জ এলাকায় মহাসড়কের ওপর বাস দাঁড় করিয়ে ব্যারিকেড সৃষ্টি করেন শ্রমিকরা। এ সময় মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে।
শ্রমিকরা অভিযোগ করেন, দীর্ঘ ৫২ বছর ধরে হবিগঞ্জ–সিলেট ভায়া মৌলভীবাজার সড়কে বিরতিহীন বাস চলাচল করে আসছে। কিন্তু সম্প্রতি মৌলভীবাজারের একটি পক্ষ তাদের বাস চলাচলে বাধা দিচ্ছে। গত ১০ মে মৌলভীবাজারে একটি বিরতিহীন বাস আটকে শ্রমিকদের মারধরের ঘটনাও ঘটে বলে তারা জানান।
এর প্রতিবাদে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ সিলেটসহ জেলার অভ্যন্তরীণ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ করে দেয়। পরে প্রশাসনের আশ্বাসে বাস চলাচল স্বাভাবিক হলেও আজ আবারও মৌলভীবাজার এলাকায় বাস ও শ্রমিকদের আটকিয়ে মারধরের অভিযোগ ওঠে।
এরই প্রতিবাদে ক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা–সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ অংশে অবরোধ কর্মসূচি পালন করেন। এতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
পরে দুপুর আড়াইটার দিকে প্রশাসনের আশ্বাসে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন। পরিস্থিতি স্বাভাবিক হলেও দ্রুত সমস্যার সমাধান না হলে আবারও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।




