ব্রিটেনের স্থানীয় সরকার নির্বাচনে কাউন্সিলর পদে মৌলভীবাজারের আটজন প্রবাসী বাংলাদেশি নির্বাচিত হয়েছেন। যুক্তরাজ্যের মূলধারার রাজনীতিতে অংশ নিয়ে তাঁদের ধারাবাহিক সাফল্যে আনন্দিত জেলার বাসিন্দারা। প্রবাসীদের এ অর্জন দেশের ভাবমূর্তি ও গ্রহণযোগ্যতা বাড়াচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গত ৭ মে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনের ফল প্রকাশের পর দেশে ও বিদেশে থাকা বাঙালি কমিউনিটির মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও হোয়াটসঅ্যাপে বিজয়ীদের অভিনন্দন জানানো হচ্ছে।
ব্রিটেনের কমিউনিটি লিডার ও গণমাধ্যমকর্মী মোহাম্মদ মকিস মনসুর বলেন, এবারকার স্থানীয় সরকার নির্বাচনে এখন পর্যন্ত মৌলভীবাজারের আটজন কাউন্সিলর নির্বাচিত হওয়ার তথ্য পাওয়া গেছে। তাঁর ধারণা, এ সংখ্যা আরও বাড়তে পারত।
জানা গেছে, পড়াশোনা, চাকরি ও জীবিকার প্রয়োজনে এসব জনপ্রতিনিধির পরিবার যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছিল। সেখানে নিজেদের মেধা, যোগ্যতা ও সামাজিক সম্পৃক্ততার মাধ্যমে তাঁরা স্থানীয়দের আস্থা অর্জন করেন। অনেকে কমিউনিটি নেতৃত্বের পাশাপাশি স্থানীয় ও জাতীয় রাজনীতিতেও সক্রিয় ভূমিকা পালন করছেন।
নির্বাচিতদের মধ্যে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্টেপনি গ্রিন ওয়ার্ড থেকে এসপায়ার পার্টির প্রার্থী সাবিনা আক্তার টানা চতুর্থবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তিনি টাওয়ার হ্যামলেটসের স্পিকার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তাঁর বাড়ি কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের উছমানপুর গ্রামে।
পূর্ব লন্ডনের নিউহ্যাম কাউন্সিলে লেবার পার্টির হয়ে চতুর্থবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সাবেক মেয়র রহিমা রহমান। তাঁর স্বামী মুজিবুর রহমান জসিমও একাধিকবার কাউন্সিলর ছিলেন।
রেডব্রিজ কাউন্সিল থেকে তৃতীয়বারের মতো লেবার পার্টির কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সদর উপজেলার একাটুনা ইউনিয়নের উত্তর মোলাইম গ্রামের জুসনা ইসলাম। তিনি এ কাউন্সিলের সাবেক মেয়রও ছিলেন।
একই কাউন্সিল থেকে লেবার পার্টির প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন সাংস্কৃতিক কর্মী সাঈদা চৌধুরী। তাঁর পৈতৃক বাড়ি মৌলভীবাজার সদরে, আর তিনি বড়লেখার পুত্রবধূ।
টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন ওয়েস্ট ওয়ার্ড থেকে এসপায়ার পার্টির হয়ে দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন আবু তালহা চৌধুরী। তাঁর বাড়ি সদর উপজেলার একাটুনা ইউনিয়নের সিংকাপন গ্রামে। তিনি এসপায়ার পার্টির চেয়ারম্যান ও কমিউনিটি লিডার কে এম আবু তাহের চৌধুরীর ছেলে।
নর্থ ইংল্যান্ডের ব্র্যাডফোর্ড কাউন্সিল থেকে চতুর্থবারের মতো লেবার পার্টির কাউন্সিলর নির্বাচিত হয়েছেন হাসানুজ্জামান খান। তাঁর বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার শাহবন্দর এলাকায়।
লন্ডন বরো অব ইসলিংটনের বার্নসবারি ওয়ার্ড থেকে ষষ্ঠবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রনেতা এ কে এম গোলাম জিলানী চৌধুরী জিবু। তিনি ওই বরোর সাবেক মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এ ছাড়া ইংল্যান্ডের ওয়েল্ডস্টোন নর্থ ওয়ার্ড থেকে আবারও কাউন্সিলর নির্বাচিত হয়েছেন শাহানিয়া চৌধুরী। তাঁর পৈতৃক বাড়ি শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের কালাপুর চৌধুরীবাড়ি এলাকায়।
বিদেশের মাটিতে মৌলভীবাজারের সন্তানদের এ সাফল্যে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন।




