হবিগঞ্জের লাখাই উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার মুড়াকরি দাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
পুলিশ জানায়, বর্তমানে অনলাইন জুয়া তরুণ সমাজ ও শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগজনকভাবে ছড়িয়ে পড়ছে। দ্রুত অর্থ উপার্জনের প্রলোভনে পড়ে অনেকেই এই অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। এরই অংশ হিসেবে লাখাই থানা পুলিশ অনলাইন জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ বলেন, তাঁর নির্দেশনায় শনিবার বিকেল তিনটার দিকে এসআই মোহাম্মদ আবু কাউছার, এএসআই আব্দুল হাকিম ও এএসআই মো. খায়রুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়।
অভিযানে মুড়াকরি দাসপাড়া এলাকা থেকে অনলাইনে মোবাইল ফোনের মাধ্যমে জুয়া খেলার সময় তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন উপজেলার পূর্ব বুল্লা গ্রামের ছেনু মিয়ার ছেলে সালেক মিয়া (৪০), দক্ষিণ করাবে গ্রামের আব্দুল হামিদের ছেলে মোর্শেদ কামাল (৩৮) এবং রামু চন্দ্র দাসের ছেলে আশিষ দাস (২২)।
পুলিশ তাঁদের কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করেছে।
ওসি শরীফ আহমেদ আরও বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।




