হবিগঞ্জের লাখাই উপজেলায় ভূমি সেবা মেলা ২০২৬–এর উদ্বোধনী র্যালি ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় সারাদেশে একযোগে এই মেলার উদ্বোধন করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ উপলক্ষে লাখাই উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আমান উল্লাহ।
বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সাবরেজিস্ট্রার কিপেশ চন্দ্র চক্রবর্তী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন, পজীব কর্মকর্তা একেএম আব্দুস শাহেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারিয়া আলম, মাধ্যমিক শিক্ষা দপ্তরের একাডেমিক সুপারভাইজার জান্নাতুন নাহার লিজা, উপজেলা ভূমি দপ্তরের প্রধান করনিক মামুন চৌধুরী, ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদারগণ, লাখাই প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ ওয়াহেদ, লাখাই উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মহসিন সাদেকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
তিন দিনব্যাপী এই ভূমি সেবা মেলা উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে। এতে দুটি স্টল স্থান পেয়েছে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমান উল্লাহ বলেন, ভূমি শুধু একটি খণ্ড জমি নয়, এটি একজন মানুষের ভবিষ্যতের নিরাপত্তা। ভূমি ব্যবস্থাপনা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকারের গৃহীত সকল পদক্ষেপ বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাই বদ্ধপরিকর। ভূমি মালিকরা যাতে সহজে সেবা পেতে পারেন, তা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে ভূমির টপসয়েল বিক্রি রোধ, ভূমি হস্তান্তরে প্রতারণা বন্ধ, ভূমি উন্নয়ন কর আদায়ে স্বচ্ছতা নিশ্চিত এবং অবৈধ স্থাপনা অপসারণে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।




