হবিগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের বাহুবল উপজেলার কামইছড়া এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন।
আজ বুধবার (২০ মে) রাত ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজহারুল ইসলাম স্বপন (২০) শায়েস্তাগঞ্জ উপজেলার বাগ্নিপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। রফিকুল ইসলাম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের অবসরপ্রাপ্ত প্রহরী। নিহত স্বপন একজন কলেজছাত্র ছিলেন।
আহত আব্দুল্লাহ মিয়া (১৭) মাধবপুর উপজেলার মনতলা এলাকার মৌজপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। মিজানুর রহমান পেশায় একজন ইলেক্ট্রিশিয়ান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে চলাচলকারী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই আজহারুল ইসলাম স্বপনের মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলে থাকা অপর আরোহী আব্দুল্লাহ গুরুতর আহত হন।
নিহতের মরদেহ হাসপাতালে এন্ট্রি না করেই স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন বলে জানা গেছে।
এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত যুবককে ঢাকায় প্রেরণ করা হয়েছে এবং নিহতের মরদেহ স্বজনরা হাসপাতালে এন্ট্রি ছাড়াই নিয়ে গেছেন।




