ভারতের মধ্যপ্রদেশে তিরুবনন্তপুরম-দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (১৭ মে) ভোরে চলন্ত ট্রেনটির একটি কোচে আগুন লাগলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দ্রুত উদ্ধার তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
রেল সূত্রে জানা গেছে, শনিবার (১৬ মে) নির্ধারিত সময়ে তিরুবনন্তপুরম থেকে দিল্লির উদ্দেশে ছেড়ে যায় রাজধানী এক্সপ্রেসটি। রবিবার ভোর প্রায় সাড়ে ৫টার দিকে মধ্যপ্রদেশের লুনি রিছা ও বিক্রমগড় আলোট স্টেশনের মধ্যবর্তী এলাকায় ট্রেনটির বি-১ কোচে হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা।
আগুন লাগার পর ট্রেনজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েকজন যাত্রী চলন্ত ট্রেন থেকে লাফ দেওয়ারও চেষ্টা করেন। পরে ট্রেনের গার্ড দ্রুত লোকো পাইলটকে বিষয়টি জানালে জরুরি ভিত্তিতে ট্রেনটি থামানো হয়।
এরপর যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধার অভিযান। বি-১ কোচে থাকা ৬৮ জন যাত্রীকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে ট্রেনটির দুটি কোচ পুড়ে গেছে বলে জানা গেছে। ঘটনাস্থলে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেন। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় সাময়িকভাবে ওই রুটে রেল চলাচল ব্যাহত হয়।





