ত্রিপুরা রাজ্যের সিপাহিজালা জেলার মেলাঘর এলাকায় নেশাবিরোধী অভিযানে একই দিনে দুটি পৃথক অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে মেলাঘর থানা। বুধবার (২৮ জানুয়ারি) পরিচালিত এসব অভিযানে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করা হয় এবং বিস্তীর্ণ এলাকায় গড়ে ওঠা ফলন্ত গাঁজাগাছ ধ্বংস করা হয়। একদিনে টানা দুটি অভিযানের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মেলাঘর থানার তৈবান্দাল ফাঁড়ির আওতাধীন গামাইছড়া এলাকার গভীর জঙ্গলে মেলাঘর থানার পুলিশ, ত্রিপুরা স্টেট রাইফেলস (টিএসআর) ও কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) যৌথ অভিযানে ২০৬ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়।
এ ছাড়া মেলাঘর থানার শেষ সীমানার দুলঙ্গা এলাকায় পৃথক আরেকটি অভিযানে ফলন্ত গাঁজাগাছ কেটে ধ্বংস করা হয়। সেখানে প্রায় ২০টি প্লটে গড়ে ওঠা মোট এক লাখ ৪২ হাজার গাঁজাগাছ কেটে নষ্ট করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
দুটি অভিযানের নেতৃত্ব দেন মেলাঘর থানার উপপরিদর্শক (এসআই) সুবীর সাহা। অভিযানে তাঁর সঙ্গে টিএসআর ও সিআরপিএফের সদস্যরা অংশ নেন।
নেশাবিরোধী এই সফল অভিযানের জন্য স্থানীয় বাসিন্দারা পুলিশের উদ্যোগের প্রশংসা করেছেন। তাঁদের আশা, এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হলে এলাকায় মাদক কারবার অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।




