বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব, নির্মাতা ও উপস্থাপক হানিফ সংকেত এ বছর সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের জন্য সরকারের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার’-এ ভূষিত হয়েছেন। এই সম্মাননা পাওয়ায় তিনি গভীর কৃতজ্ঞতা ও আনন্দ প্রকাশ করেছেন।
এক প্রতিক্রিয়ায় হানিফ সংকেত বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাকে সংস্কৃতিতে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করায় তিনি আনন্দিত ও সম্মানিত বোধ করছেন। তিনি জানান, এই অর্জন শুধু তার একার নয়; বরং যাদের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতায় সাংস্কৃতিক অঙ্গনে তার দীর্ঘ পথচলা সম্ভব হয়েছে, এই সম্মান তাদের সবার।
তিনি বলেন, “আজকের এই আনন্দের দিনে আমি তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই পুরস্কার আমি আমার লক্ষ-কোটি দর্শকদের উদ্দেশ্যে উৎসর্গ করছি।”
হানিফ সংকেত আরও বলেন, সুস্থ সংস্কৃতির চর্চাই একটি সমাজকে আলোকিত করতে পারে এবং দেশের জন্য সম্মান বয়ে আনতে পারে। তিনি আমৃত্যু সুস্থ সংস্কৃতির চর্চায় দেশের জন্য কাজ করে যেতে চান বলেও জানান।
তিনি অতীতের মতো ভবিষ্যতেও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তার মতে, এই পুরস্কার তাকে সামনে এগিয়ে যেতে আরও বেশি অনুপ্রেরণা ও উৎসাহ দেবে।
সবশেষে তিনি দেশবাসীর কাছে তার জন্য দোয়া কামনা করেন।




