সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথরের মতো, গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্র জাফলং থেকেও লুট হওয়া পাথর উদ্ধার করে আগের জায়গায় ফিরিয়ে আনছে প্রশাসন।
বৃহস্পতিবার জাফলং জিরো পয়েন্টে উপজেলা প্রশাসনের উদ্যোগে উদ্ধারকৃত পাথর পুনঃস্থাপন করা হয়। সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারীর নেতৃত্বে থানাপুলিশ ও বিজিবির যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে লুট করা পাথরবোঝাই ট্রাক জব্দ করে প্রায় দুই হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয় এবং জাফলং জিরো পয়েন্টে প্রতিস্থাপন করা হয়।
স্থানীয়দের সঙ্গে কথা বললে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট থেকে চলতি সপ্তাহ পর্যন্ত জাফলংয়ের ইসিএভুক্ত এলাকায় প্রকাশ্যে বালু ও পাথর লুটের ঘটনা ঘটেছে। লুটের ঘটনায় পরিবেশ অধিদপ্তরে মামলা থাকলেও গ্রেপ্তারির তেমন কোনো ঘটনা ঘটেনি। তবে পাথর লুট মামলার আসামি বিএনপি নেতা শাহ আলম স্বপন ও রফিকুল ইসলাম শাহপরানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে বুধবার বল্লাঘাট পিকনিক সেন্টারে পাথর রক্ষায় শ্রমিক ও ব্যবসায়ীদের সঙ্গে সভা অনুষ্ঠিত হয়। প্রশাসন জানিয়েছে, পাথর লুট রোধে যৌথ বাহিনী চব্বিশ ঘণ্টা পাহারায় থাকবে। ইউএনও রতন কুমার অধিকারী বলেন, “জাফলং জিরো পয়েন্ট থেকে রাতের আঁধারে লুট হওয়া পাথর সঠিক স্থানে প্রতিস্থাপনের জন্য অভিযান চলবে। প্রয়োজনে রাতভর অভিযান অব্যাহত থাকবে।”




