মৌলভীবাজারের কুলাউড়া থেকে চুরি হওয়া তিনটি প্রাইভেট কার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চোর চক্রের প্রধান সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন এবং কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লার নির্দেশ ও তত্ত্বাবধানে বিশেষ অভিযান চালিয়ে গাড়িগুলো উদ্ধার করা হয়।
গত ৩১ জানুয়ারি সন্ধ্যা থেকে ১ ফেব্রুয়ারি ভোর পর্যন্ত টানা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) জুনেদ আহমেদসহ পুলিশের একটি দল।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. মুক্তার হোসেন (পিতা: জামাল মিয়া)। তাঁর বাড়ি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পূর্ব শ্রীরামপুর এলাকায়।
পুলিশ সূত্র জানায়, উদ্ধার করা তিনটি প্রাইভেট কারের একটি নরসিংদী সদর এলাকা থেকে এবং বাকি দুটি রায়পুরা উপজেলার বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে পৃথক স্থানে অভিযান চালিয়ে গাড়িগুলো উদ্ধার করা সম্ভব হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার মুক্তার হোসেনের শ্বশুরবাড়ি শ্রীমঙ্গলের আউট সিগন্যাল এলাকায়। তিনি মাঝেমধ্যে সেখানে যাতায়াত করতেন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ওই স্থান থেকেই চুরির পরিকল্পনা করা হতো।
এ ঘটনায় চোর চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কুলাউড়া থানা। পুলিশ বলছে, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে চলবে।





