অপরাধ দমন ও মাদক নির্মূলে নরসিংদী জেলা পুলিশের সাঁড়াশি অভিযান চলছে। জেলার সব থানা ও ইউনিট ইনচার্জদের মাঠে থেকে নিয়মিত মামলা, মাদক ও অস্ত্র উদ্ধার এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার নরসিংদী।
পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে নিয়মিত মামলা, মাদক উদ্ধার, প্রিভেন্টিভ ব্যবস্থা ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদকবিরোধী অভিযানে ১৩৭ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজন মাদক ব্যবসায়ীকেও আটক করেছে পুলিশ।
রায়পুরা থানার চরাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী সোহেলের সহযোগী, খুনসহ একাধিক মামলার পলাতক আসামি ইয়াছিন মিয়া (২৮) গ্রেফতার হয়েছে। তাঁর বাড়ি রায়পুরার শ্রীনগর গ্রামে।
এছাড়া, গত ২১ সেপ্টেম্বর জেলখানা মোড় এলাকায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে অপহৃত এক কিশোরকে শনিবার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।
অভিযান প্রসঙ্গে পুলিশ সুপার নরসিংদী বলেন, “অপরাধ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”
অপরাধ দমন ও সামাজিক শান্তি প্রতিষ্ঠায় জেলা পুলিশ সাধারণ মানুষকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।





