সুনামগঞ্জ–১ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুলের পক্ষে প্রচারণা চালিয়েছেন তাহিরপুর উপজেলার বালিজুড়ী ইউনিয়নের ১১ জন ইউপি সদস্য। তারা লিফলেট বিতরণের পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দিনভর বালিজুড়ী ইউনিয়নের ইউপি সদস্য বাবুল মিয়া, ইকবাল হোসেন, যোতিশ পাল, ইসমাইল হোসেন, মো. আলী নেওয়াজ, আজিজ মিয়া, কামাল হোসেন, খলিলুর রহমান, রোহেনা বেগম, মাহমুদা বেগম ও পারুল বেগম এ কর্মসূচিতে অংশ নেন।
সকালে আনোয়ারপুর বাজার থেকে প্রচারণা শুরু করেন তাঁরা। পরে বালিজুড়ী বাজারসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও বাজার এলাকায় ধানের শীষের লিফলেট বিতরণ করেন। এ সময় তাঁরা বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখেন।
প্রচারণাকালে ইউপি সদস্যরা ভোটারদের ঐক্যবদ্ধভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে বিপুল ভোটে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তারা। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশের উন্নয়নে অংশীদার হওয়ার কথাও বলেন ইউপি সদস্যরা।





