আওয়ামী লীগ ও বিএনপিকে ইঙ্গিত করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপি এমন রাজনৈতিক দল, যেখানে ফেরেশতা হয়ে ঢুকলেও খুনি হয়ে বের হতে হয়। পক্ষান্তরে ইসলামী আন্দোলনে খারাপ হয়ে ঢুকলেও ফেরেশতা হয়ে বের হয়।
সোমবার (২১ জুলাই) বিকেলে নরসিংদী পৌর শহরের কাউরিয়াপাড়া ঈদগাহ মাঠে ইসলামী যুব আন্দোলনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে মুফতি ফয়জুল করিম বলেন, ভেবেছিলাম ২০২৪ সালের গণঅভ্যুত্থানে বৈষম্য দূর হবে। জীবন দিয়ে জুলুম-নিপীড়ন ঠেকাতে চেয়েছিলাম। কিন্তু তাতেও কোনো পরিবর্তন আসেনি। জুলাই বিপ্লবের উদ্দেশ্য ছিল বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নেওয়া, কোনো নির্বাচন নয়। অথচ এখন পরিকল্পিতভাবে দেশের পরিস্থিতিকে আরও খারাপে পরিণত করা হয়েছে।
বিএনপির মহাসচিবকে উদ্দেশ করে তিনি বলেন, সব মত ও শ্রেণিকে নিয়ে ‘রেইনবো ন্যাশন’ গঠনের কথা বলেন, অথচ বিরোধীদের ওপর চালান মামলা-হামলা। এটা কি রেইনবো ন্যাশন, নাকি জুলুমবাজ রাষ্ট্র?
বিএনপির শাসনামলের সমালোচনা করে তিনি বলেন, জিয়াউর রহমান ভালো ছিলেন বলেই ১৯৯১ সালে জনগণ বিএনপিকে ক্ষমতায় এনেছিল। ২০০১ সালেও জনগণ তাদের সুযোগ দিয়েছিল। কিন্তু তারা দুর্নীতিতে হ্যাটট্রিক করে ফেল করেছে। বিএনপির সময়েই সবচেয়ে বেশি মানুষ র্যাবের ক্রসফায়ারে মারা গেছে।
জনগণের উদ্দেশে তিনি বলেন, দুই নম্বর জমিতে এক নম্বর ফসল হয় না, দুই নম্বর ওস্তাদের কাছে এক নম্বর ছাত্র তৈরি হয় না। তেমনি দুই নম্বর নেতার হাতে দেশও এক নম্বর হবে না। তাই অনুরোধ করবো— একবার ইসলামকে, একবার হাতপাখাকে (ইসলামী আন্দোলনের প্রতীক) পরীক্ষা করুন। আমরা ফেল করলে আর পরীক্ষার হলে আসবো না।
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন নরসিংদী জেলা শাখার সভাপতি মুফতি সাইদ আহমদ সরকার। প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ এবং বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আরিফ বিন মেহের উদ্দিন। সমাবেশে ইসলামী আন্দোলন, যুব আন্দোলন ও বিভিন্ন সহযোগী সংগঠনের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




