জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, ইদানিং মিডিয়া প্রেজেন্স দেখেন, টকশো গুলো দেখেন। দেখবেন খুব স্বাভাবিকভাবেই আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার, ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবি) এনসিপির যুব উইং জাতীয় যুবশক্তি আয়োজিত জাতীয় যুব সম্মেলন ২০২৫- এ এসব কথা বলেন তিনি।
সামান্থা শারমিন বলেন, তরুণ ও যুবকদের নিয়েই রাজনীতিকে এগিয়ে নিতে হবে। গণমাধ্যমে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করা হচ্ছে। তাদেরকে আবারও ফিরিয়ে আনার চক্রান্ত করছে একটি পক্ষ। রাজনৈতিক দলগুলোকে ভাবতে হবে— তারা কী আওয়ামী ন্যারেটিভকে প্রতিষ্ঠা করতে চায় কিনা। আমরা চাই, এই অপশক্তিকে রুখে দিতে। এক্ষেত্রে যুবকদের ভূমিকা রাখতে হবে।
তিনি আরো বলেন, এই ষড়যন্ত্র রুখে দিতে হবে। এটি শুধু এনসিপি এবং যুব শক্তির কাজ নয়, যুবকদের এই দায়িত্ব নিতে হবে। রাজনৈতিক পক্ষকে নতুন করে ভাবতে হবে, তারা আওয়ামী লীগের রাজনীতি করবেন নাকি নতুন রাজনীতি করবেন। মিডিয়া এস্টাবলিশমেন্ট, আমলা এস্টাবলিশমেন্ট, আর্মি এস্টাবলিশমেন্ট রুখে দিয়ে ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।




