জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, বাংলাদেশের সংবিধান, বিচার বিভাগ, প্রশাসন, প্রত্যেকটা জায়গায় যে সংস্কারগুলো প্রয়োজন। সেসব নিয়ে অনেক আলাপ-আলোচনা তৈরি হয়েছে। আমরা চাই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংশোধন করে তারপর জাতীয় নির্বাচন হোক। কিন্তু অনেকেই শুধু চায় জাতীয় সংসদ নির্বাচন। এসব বিষয় নিয়ে সরকারকে একটা সিদ্ধান্তে আসতে হবে। যাতে গণপরিষদ নির্বাচনের আয়োজনটা সরকার সঠিক সময়ে করতে পারে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকালে রংপুরের কাউনিয়ার হারাগাছের আমবাড়িতে গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন- মহানগর এনসিপির প্রথম যুগ্ম সমন্বয়কারী আলমগীর সুমন, জেলার যুগ্ম সমন্বয়কারী এনআই সুমনসহ রংপুর জেলা ও মহানগর এনসিপির নেতারা। এর আগে হারাগাছের বিভিন্ন এলাকায় বৃষ্টি উপেক্ষা করে এনসিপির পক্ষে বিচার, সংস্কার, গণপরিষদ এবং জাতীয় নির্বাচনের ভাবনা বিষয়ক প্রচারপত্র বিলি করেন তিনি।
আখতার বলেন, এসব দাবির পক্ষে জনমত প্রতিষ্ঠা করতেই মাঠে কাজ করছে এনসিপি। আমাদের বার্তা আমরা পৌঁছে দিচ্ছি। খুব কম সময়ের মধ্যেই আমরা সারা দেশব্যপী বিস্তৃতি লাভ করতে সক্ষম হয়েছি। গণপরিষদ নির্বাচনসহ সংস্কার ও বিচারের দৃশ্যমানের জন্য কাজ করছি। একই সঙ্গে সরকার যে সংস্কার কার্যক্রম আলোচনায় এনেছে। সেগুলো যাতে সরকার দ্রুত করতে পারে সেজন্য আমরা জনমত গঠনেও কাজ করছি। সারা দেশে যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে গণমানুষকে সঙ্গে নিয়ে সামনের পথটা আমরা নির্মাণ করতে পারব।
এনসিপির সদস্য সচিব বলেন, যে সময়সীমা নির্বাচনের দিয়েছে সরকার সেই সময়ে নির্বাচন করতে পারে। তবে তার আগে অবশ্যই সরকারকে সংস্কার কার্যক্রমগুলোকে বাস্তবায়ন করা, বিচারকে দৃশ্যমান পর্যায়ে উন্নীত করা এবং মাঠপর্যায়ের নিরপেক্ষতা নিশ্চিত করা ও ‘লেভেল প্লেয়িং ফিল্ড ইনশিওর’ করতে হবে। যত দ্রুত সরকার এসব নিশ্চিত করতে পারবে তত দ্রুত নির্বাচন করতে পারবে। অন্যথায় নয়।
তিনি আরো বলেন, যেকোনো ‘সোসাইটিতে’ যখন জনগণের আকাঙ্ক্ষার পরিবর্তন ঘটে। নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাব যখন ঘটে। সেখানে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সরকার শাসনতান্ত্রিক কাঠামো তৈরিতে ভূমিকা রাখে। বাংলাদেশে একটা নতুন সংবিধানের বাস্তবতা তৈরি হয়েছে। এজন্য নতুন সংবিধানের বাস্তবায়নের কথা বলেছি অনেক আগে থেকেই। সরকার যেকোনো সময় গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে পারে। তাহলে আমরা সরকারের সেই উদ্যোগকে সাধুবাদ জানাব।




