প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে গঠিত ১০টি কমিশনের আশু বাস্তবায়নযোগ্য মোট ৩৬৭টি সুপারিশের মধ্যে ৪৮টি সুপারিশ এরইমধ্যে বাস্তবায়িত হয়েছে। আশু বাস্তবায়নযোগ্য মোট সুপারিশের মধ্যে ১৬৭টিই রুটিন কাজ। অবশিষ্ট ২০০টি সংস্কারের সঙ্গে জড়িত। সংস্কার ও রুটিন উভয় মিলিয়ে মোট ৪৮টি সুপারিশ বাস্তবায়িত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।
শফিকুল আলম বলেন, আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ৪০তম উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে বিভিন্ন সংস্কার কমিশনের আশু বাস্তবায়নযোগ্য প্রস্তাবনার বাস্তবায়নের সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
শফিকুল আলম বলেন, দীর্ঘদিন ধরে অকার্যকর থাকা তিনটি স্থলবন্দর বন্ধ ও একটি স্থলবন্দরের কার্যক্রম স্থগিত করেছে সরকার। চিলাহাটি স্থলবন্দর, দৌলতগঞ্জ স্থলবন্দর এবং তেগামুখ স্থলবন্দর সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া বাল্লা স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম আপাতত স্থগিত রাখা হয়েছে। এ বিষয়ে মন্ত্রিসভা কমিটি পর্যালোচনা করে সুপারিশ দেওয়ার পর সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে। দেশে অনেকগুলো স্থলবন্দর অনুমোদন থাকলেও সেগুলোর বেশিরভাগই কার্যত অকার্যকর। প্রয়োজনীয় অবকাঠামো না থাকা বা বাণিজ্যিক কার্যক্রম না থাকায় এগুলো চালু রাখতে গিয়ে সরকারের অতিরিক্ত ব্যয় করতে হয়। এসব স্থানে কর্মকর্তাদের পোস্টিং দিতে হয় এবং করদাতাদের অর্থ ব্যয় হয়। অতীতে রাজনৈতিক বিবেচনায় সীমান্ত এলাকায় কয়েকটি স্থলবন্দর অনুমোদন দেওয়া হলেও বাস্তবে সেখানে প্রত্যাশিত বাণিজ্যিক কার্যক্রম গড়ে ওঠেনি। ফলে এগুলো সরকারের জন্য অপ্রয়োজনীয় আর্থিক বোঝা হয়ে দাঁড়ায়। বর্তমানে কার্যক্রমহীন আরও চারটি স্থলবন্দরে বিষয়ে আলোচনা হয়েছে, যেগুলোর বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।




