রাজধানীতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ—এমন অভিযোগ উঠেছে। আজ রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেওয়া শিক্ষকদের সরাতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ।
ঘটনাটি ঘটে দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, পুলিশ প্রেস ক্লাবের দিকে অগ্রসর হলে আন্দোলনরত শিক্ষকরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। কিছুক্ষণ পর পুলিশ সাউন্ড গ্রেনেড ছোড়ে। এতে শিক্ষকরা সাময়িকভাবে ছত্রভঙ্গ হলেও পরে আবার প্রেস ক্লাবের সামনে জড়ো হন। শিক্ষক নেতারা মাইকে সবাইকে শান্ত থেকে কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
এর আগে সকাল ১০টার পর থেকেই এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের ব্যানারে শিক্ষকরা প্রেস ক্লাবের সামনে জড়ো হন। তাঁরা মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা এবং চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন।
দুপুরে সংগঠনের ১৩ সদস্যের একটি প্রতিনিধিদল অর্থ উপদেষ্টা ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে যোগ দিতে সচিবালয়ে যান। প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের আহ্বায়ক অধ্যক্ষ মাঈন উদ্দিন, সদস্য সচিব অধ্যক্ষ দেলওয়ার হোসেন আজিজীসহ অন্যান্য নেতারা।
এর আগে গত ১৩ আগস্ট একই দাবিতে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেছিলেন এমপিওভুক্ত শিক্ষকরা। পরে তাঁরা ধাপে ধাপে কর্মবিরতি, বিভাগীয় শিক্ষক সম্মেলনসহ নানা কর্মসূচি পালন করেন।
আন্দোলনরত শিক্ষকরা বলছেন, দীর্ঘদিন ধরে ভাতা না বাড়ানোয় তাঁরা চরম আর্থিক সংকটে পড়েছেন। তাঁদের দাবি দ্রুত বাস্তবায়িত না হলে কর্মসূচি আরও কঠোর করা হবে।




