২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫৮.৮৩ শতাংশ। গত বছরের তুলনায় এবার পাসের হার ১৮.৯৫ শতাংশ কমেছে।
ফলাফলে দেখা গেছে, এবার জিপিএ-৫ পেয়েছেন মোট ৬৯,০৯৭ জন শিক্ষার্থী। এর মধ্যে ঢাকা বোর্ডে ২৬,০৬৩ জন, রাজশাহীতে ১০,১৩৭ জন, কুমিল্লায় ২,৭০৭ জন, যশোরে ৫,৯৯৫ জন, চট্টগ্রামে ৬,০৯৭ জন, বরিশালে ১,৬৭৪ জন, সিলেটে ১,৬০২ জন, দিনাজপুরে ৬,২৬০ জন, ময়মনসিংহে ২,৬৮৪ জন, মাদরাসা বোর্ডে ৪,২৬৮ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১,৬১০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।
ফল প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায়। ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড একযোগে নিজেদের নিজস্ব মাধ্যমে ফল ঘোষণা করেছে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এবছর দেশের ১১টি বোর্ডে মোট ১২,৫১,১১১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য ফরম পূরণ করেছেন। এর মধ্যে ৬,১৮,০১৫ জন ছাত্র এবং ৬,৩৩,৯৬ জন ছাত্রী। সারা দেশে ২,৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়, তবে প্রায় ২৭,০০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেননি। এবারের ফল ‘বাস্তব মূল্যায়ন’ নীতির মাধ্যমে তৈরি করা হয়েছে।
এসএসসি ফলের মতো এবারও এইচএসসির ফল প্রকাশে কোনো আনুষ্ঠানিকতা বা আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান করা হয়নি।




