দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একদিনে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার, ১২ নভেম্বর সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৩৯ জন। তাদের মধ্যে ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৬৩২ জন, আর ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০৭ জন রোগী।
বিভাগভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২২৩ জন। ঢাকা উত্তর সিটিতে ভর্তি হয়েছেন ২৫৪ জন এবং দক্ষিণ সিটিতে ১৪৩ জন। বরিশালে ১৭৯, চট্টগ্রামে ১১৫, খুলনায় ৮৯, রাজশাহীতে ৪৬, ময়মনসিংহে ৮২, রংপুরে ৫ এবং সিলেট বিভাগে ৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
গত একদিনে সারা দেশে ১ হাজার ৫১ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ৭৭ হাজার ৯৮৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
এ বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে মোট ৮১ হাজার ৭৭৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে মারা গেছেন ৩২৩ জন।
প্রসঙ্গত, গত বছর (২০২৪ সালে) ডেঙ্গুতে ৫৭৫ জনের মৃত্যু হয় এবং আক্রান্ত হন এক লাখ এক হাজার ২১৪ জন। এর আগের বছর ২০২৩ সালে ডেঙ্গুতে প্রাণ হারান এক হাজার ৭০৫ জন, যা দেশে এক বছরে সর্বোচ্চ মৃত্যু হিসেবে রেকর্ড হয়েছিল।




