সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় নরসিংদী জেলায় নাশকতা ও যে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে র্যাব-১১, নরসিংদী ক্যাম্পের উদ্যোগে জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়ানো হয়েছে টহল কার্যক্রম ও স্থাপন করা হয়েছে একাধিক চেকপোস্ট। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি, যানবাহন পরীক্ষা ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
র্যাব জানায়, চলমান নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে নাশকতা বা অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাবের সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।
নরসিংদী র্যাব ক্যাম্পের কর্মকর্তারা জানান, জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে। তারা নাগরিকদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন যাতে আইনশৃঙ্খলা রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা বজায় থাকে।





