নরসিংদী জেলার পলাশ উপজেলায় মাদকদ্রব্যের ব্যবহার, সেবন ও বিক্রয় রোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর ২০২৫) পলাশ উপজেলাধীন চরণগরদী সিআরসি মাঠ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।
মোবাইল কোর্ট অভিযানে মাদক সেবন ও বিক্রয়ের অভিযোগে দুইজনকে দোষী সাব্যস্ত করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন— আলমগীর, হৃদয় মিয়া।
মোবাইল কোর্ট প্রত্যেককে ৩০ (ত্রিশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ (একশত) টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
অভিযান চলাকালে জেলা পুলিশের সদস্যবৃন্দ, জেলা কমান্ড্যান্টের চৌকস ব্যাটালিয়ানের সদস্যরা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো: মোফাজ্জল হোসেন ও উপপরিদর্শক মো: ছানাউল্লাহ মিয়া সার্বিক সহযোগিতা প্রদান করেন।
জেলা প্রশাসন, নরসিংদীর পক্ষ থেকে জানানো হয়— মাদকদ্রব্যের ব্যবহার, সেবন ও বিক্রয় সম্পূর্ণরূপে নির্মূলে ভবিষ্যতেও এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।





