নরসিংদীর শিবপুরে ট্রাক ভর্তি ১২টি গরুসহ সংঘবদ্ধ ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার ঢাকা–সিলেট মহাসড়কের কুন্দারপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, ডাকাত দলটি ডিবি পুলিশের পরিচয় দিয়ে শিবপুর মডেল থানার কামারটেক এলাকায় ১২টি ষাড় গরু বোঝাই একটি ট্রাক থামায়। এ সময় ট্রাকের চালক, হেলপার ও গরু দেখাশোনার দায়িত্বে থাকা রাখালকে হাত-পা বেঁধে একটি হাইয়েস মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে ডাকাতরা গরুভর্তি ট্রাকটি নিয়ে পালানোর চেষ্টা করলে কুন্দারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ট্রাকসহ ৩ জন ডাকাতকে গ্রেফতার করে পুলিশ।
শিবপুর মডেল থানা সূত্রে জানা যায়, এসআই সাদেকুর রহমানের নেতৃত্বে থানা পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়। অভিযানের সময় ট্রাকে থাকা ১২টি গরু উদ্ধার করা হয়। তবে ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ডাকাতরা পালিয়ে যেতে সক্ষম হয়। তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—আলমগীর (২৫), মো. কুদরত আলী (৩৫), এবং মো. ইব্রাহিম (৩৫)।
এ ঘটনায় শিবপুর মডেল থানায় মামলা নং–১৩ রুজু করা হয়েছে।





