নরসিংদীর মাধবদী থানার কাঁঠালিয়া ইউনিয়নের ডৌকাদি এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ১১ জনকে আটক করেছে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে প্রশাসন জানিয়েছে।
ঘটনাটি গত ১৩ ফেব্রুয়ারি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির কর্মীদের মাধ্যমে জামায়াতের একটি ব্যানার অপসারণকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত তিনজন আহত হন। তাদের মধ্যে মুক্তার (পিতা: আব্দুল বাতেন) নামে একজন গুরুতর আহত হয়েছেন। আহতদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত মুক্তারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী এলাকায় টহল জোরদার করে। পরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে সংঘর্ষের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে আটক করে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।





