ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আগামী মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে বসতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। শনিবার, ২১ ফেব্রুয়ারি রাতে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য এ তথ্য জানান।
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসছে আগামী ১২ মার্চ অথবা এর দু-একদিন আগে। এ অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অধিবেশনে অন্তর্বর্তী সরকারের সময়ের অধ্যাদেশগুলো তোলা হবে এবং শোক প্রস্তাব উপস্থাপন করা হবে।’
সংবিধানের পঞ্চম ভাগের প্রথম পরিচ্ছেদে স্পষ্টভাবে বলা আছে, সরকারি বিজ্ঞপ্তি দিয়ে সংসদ অধিবেশন ডাকবেন রাষ্ট্রপতি। সংসদ ডাকলে প্রথম বৈঠক কখন ও কোথায় হবে সেটাও তিনিই ঠিক করেন। তবে তিনি নিজের ইচ্ছায় করেন না, প্রধানমন্ত্রী লিখিতভাবে যা পরামর্শ দেবেন, সে অনুযায়ী করতে হয়।
৭২ ধারার ২ নম্বর উপধারায় বলা আছে, জাতীয় নির্বাচনের ফল ঘোষণার ৩০ দিনের মধ্যে নতুন সংসদের বৈঠক ডাকতেই হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সরকারি ফলাফল ঘোষণা হয় ১৪ ফেব্রুয়ারি। সে হিসেবে ১৬ মার্চের মধ্যে সংসদের প্রথম বৈঠক হতে হবে। রোজার মধ্যেই সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে।
গত ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ নির্বাচন। এতে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থীর মৃত্যুর কারণে ওই আসনে ভোট স্থগিত করা হয়। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় জয়লাভ করে জাতীয়তাবাদী দল (বিএনপি)।
নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল অনুযায়ী, ২৯৭ আসনের মধ্যে বিএনপি পেয়েছে ২০৯টি আসন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন, এনসিপি পেয়েছে (১১ দলীয় জোট) ৬টি আসন, বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে ২টি আসন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে ১টি আসন, গণঅধিকার পরিষদ পেয়েছে ১টি আসন, বাংলাদেশ জাতীয় পার্টি পেয়েছে ১টি আসন, গণসংহতি আন্দোলন পেয়েছে ১টি আসন, খেলাফত মজলিস পেয়েছে ১টি আসন, স্বতন্ত্র প্রার্থী পেয়েছে ৭টি আসন।
এরপর শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি রাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের ফলাফলের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।




