সুনামগঞ্জের তাহিরপুরে দীর্ঘদিনের বিরোধের অবসান ঘটিয়ে অদ্বৈত জন্মধাম কেন্দ্রীয় পরিচালনা কমিটির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আবারও মনোনীত হয়েছেন করুনা সিন্ধু চৌধুরী বাবুল এবং সাধারণ সম্পাদক করা হয়েছে কানন বন্ধু রায়কে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের রাজারগাঁও গ্রামে অদ্বৈত জন্মধাম পণতীর্থ মন্দির প্রাঙ্গণে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটি ঘোষণা করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। এর মাধ্যমে কেন্দ্রীয় পরিচালনা কমিটি ঘিরে দীর্ঘদিনের বিরোধের অবসান হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এর আগে কেন্দ্রীয় কমিটি নিয়ে বিরোধে জড়িত দুটি পক্ষ এবং বিভিন্ন এলাকা থেকে আগত হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন করুনা সিন্ধু চৌধুরী বাবুল। সঞ্চালনা করেন শেখর রায়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, তিনি এ এলাকার সন্তান এবং সব সময় হিন্দু সম্প্রদায়সহ সকল ধর্মের মানুষের পাশে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। মন্দিরের চলমান উন্নয়নকাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তা কঠোর নজরদারিতে রাখা হবে বলেও জানান তিনি। তিনি বলেন, মন্দির উপাসনার স্থান, এখানে কোনো বিরোধ থাকা উচিত নয়। সবার মতামতের ভিত্তিতে সমস্যার সমাধান করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং বিভিন্ন উপজেলা থেকে আগত হিন্দু সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।
সভাপতি করুনা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, সংসদ সদস্যের প্রস্তাব ও সবার সর্বসম্মতিতে এ কমিটি গঠন করা হয়েছে। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। তিনি বলেন, মন্দিরের উন্নয়নে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করে যাবেন। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়াই তার লক্ষ্য।





