উত্তরবঙ্গের শিলিগুড়ি-তে দেশি পিস্তল ও তাজা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। বিধানসভা নির্বাচনের আগে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় উদ্বেগে পুলিশ প্রশাসন। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার শহরে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটল।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নাকা তল্লাশির সময় শিলিগুড়ির সমরনগরের বাসিন্দা রোহিত দাস নামে এক যুবকের কাছ থেকে একটি দেশি পিস্তল ও একটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, টোটোয় করে মাল্লাগুড়ির দিকে যাচ্ছিলেন ওই যুবক। সে সময় সার্কিট হাউস মোড়ে পুলিশের নাকা চেকিং চলছিল।
যুবকের কথাবার্তায় সন্দেহ হলে তল্লাশি চালানো হয়। এরপর তাঁর কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, আগ্নেয়াস্ত্রটি সরবরাহ করতে যাচ্ছিলেন তিনি।
পুলিশ যুবককে গ্রেপ্তার করে আদালতে পেশ করেছে এবং পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে। ভোটের আগে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।





