নরসিংদী শহরের বড় বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত ও বাজার মনিটরিং কার্যক্রমের মাধ্যমে অননুমোদিত ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্য জব্দ করা হয়েছে এবং এক প্রতিষ্ঠানকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামিনা তানির নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। মনিটরিংকালে বাজারের দ্রব্যমূল্য, পণ্যের সরবরাহ পরিস্থিতি, মূল্যতালিকা এবং ক্রয় রশিদ পর্যবেক্ষণ করা হয়।
অভিযান চলাকালে একটি দোকানে অননুমোদিত ও অস্বাস্থ্যকর খাবার রং পাওয়া যায়। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ টমেটো সস, ঘি এবং অননুমোদিত কেওড়া জল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে খাবার রং ও কেওড়া জলের নমুনা সংরক্ষণের জন্য জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তার কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয় এবং অবশিষ্ট পণ্য তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
নিরাপদ খাদ্য কর্মকর্তার প্রসিকিউশনের ভিত্তিতে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ১,০০,০০০ (এক লাখ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





