নরসিংদীর মাধবদী এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। অভিযানে ১১টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং দায়ীদের কাছ থেকে মোট ১ লাখ ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) নরসিংদীর মাধবদী এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈম হাসান শুভর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি দালালচক্র অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিল। অভিযানের সময় বিভিন্ন স্থানে অবৈধভাবে স্থাপন করা গ্যাস সংযোগ শনাক্ত করে তা তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করা হয়।
এ সময় অবৈধ সংযোগ গ্রহণের দায়ে সংশ্লিষ্টদের কাছ থেকে মোট ১ লাখ ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান চলাকালে প্রশাসনের পক্ষ থেকে দালালচক্রের প্রলোভনে পড়ে অবৈধ গ্যাস সংযোগ না নেওয়ার জন্য সাধারণ মানুষকে সতর্ক করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভ্রাম্যমাণ আদালত।





