নরসিংদীর মনোহরদী উপজেলায় ঈদুল ফিতরকে সামনে রেখে সড়কে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) উপজেলার বিভিন্ন আঞ্চলিক সড়কে এ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট পরিধান নিশ্চিত করা, অতিরিক্ত গতিতে গাড়ি না চালানো এবং বাসচালকদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়। এ সময় হেলমেট না পরায় দুটি মোটরসাইকেলকে জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন মনোহরদীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া এবং জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদযাত্রা নিরাপদ রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সড়ক দুর্ঘটনা এড়াতে সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।





