হবিগঞ্জের লাখাই উপজেলা-এর লাখাই বাজারে বিশুদ্ধ পানির সংকটে ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ীরা। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় বাজারের টিউবওয়েলগুলো অকেজো হয়ে পড়েছে।
চলতি ফাল্গুন মাসে উপজেলার ১ নম্বর ইউনিয়নের এ বাজারে দেখা দিয়েছে তীব্র পানিসংকট। ফলে ব্যবসায়ীদের অনেকেই বাড়ি থেকে বোতলে করে পানি এনে ব্যবহার করছেন। খাওয়া ও দৈনন্দিন কাজে ব্যবহারের জন্য দূর-দূরান্ত থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে তাঁদের।
বাজারের ব্যবসায়ী সমন্দ্র পাল বলেন, তাঁর বাড়ি কাছাকাছি হওয়ায় তিনি পানি আনতে পারছেন, তবে অন্যদের অনেক কষ্ট হচ্ছে। যাঁদের বাড়িতে মোটর রয়েছে, তাঁরা কোনোভাবে পানি সংগ্রহ করছেন। অনেকে পাশের গভীর নলকূপ বা আশপাশের বাড়ি থেকে খাবার পানি আনছেন।
লাখাই বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আজিজুল হক বলেন, টিউবওয়েলগুলোতে পানি উঠছে না। দূরের অগভীর টিউবওয়েল থেকে পানি টেনে আনতে হচ্ছে। প্রতিবছরই এ সমস্যা দেখা দেয়, এতে চরম দুর্ভোগ পোহাতে হয় ব্যবসায়ীদের।
লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফা আহাম্মদ রুপন বলেন, সরকারি উদ্যোগে টিউবওয়েল স্থাপনের ব্যবস্থা করা হবে।




