সুনামগঞ্জের তাহিরপুরে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন কোনাটছড়া গ্রামের বাসিন্দারা। মঙ্গলবার বিকেলে উপজেলার বাদাঘাট ইউনিয়নের কোনাটছড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কোনাটছড়া গ্রামের কথিত ‘ইয়াবা সম্রাট’ রহমত আলীর বাড়ি থেকে ইয়াবা কিনে ফেরার সময় যাদুকাটা নদীর তীরসংলগ্ন তোতা মিয়ার পাথর ভাঙার মিলের সামনে তিনজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। পরে স্থানীয় গ্রামবাসী ও সচেতন যুবসমাজ তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ করেন।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার বাদাঘাট ইউনিয়নের কোনাটছড়া গ্রামের জালাল মিয়ার ছেলে মো. রউফ মিয়া (৩২), ঘাগড়া গ্রামের মৃত আশিক মিয়ার ছেলে মো. মনির হোসেন (৩৫) এবং সীমান্তবর্তী পশ্চিম পুরান লাউড় গ্রামের মৃত শাহেদ আলীর ছেলে মো. শফিক মিয়া (৩২)।
খবর পেয়ে বাদাঘাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে তাঁদের দেহ তল্লাশি করেন। এ সময় তাঁদের কাছ থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২৯ হাজার ২১০ টাকা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। তাঁদের সঙ্গে থাকা আরও কয়েকজন পালিয়ে গেছেন বলে জানা গেছে।
এদিকে, আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে MD Sajjad নামের একটি আইডি থেকে পোস্ট করার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিওতে আটক মনিরকে বলতে শোনা যায়, তিনি কোনাটছড়া গ্রামের মৃত মিন্নত আলীর ছেলে ‘ইয়াবা সম্রাট’ রহমত আলীর কাছ থেকে ইয়াবা কিনে নিজ গ্রাম ঘাগড়ায় নিয়ে যাচ্ছিলেন।
ইয়াবাসহ তিনজনকে আটকের সত্যতা নিশ্চিত করে বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল ইসলাম বলেন, “ইয়াবাসহ আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও এই মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।”





