সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা নদীর পাড় ধসে বালুচাপায় লেয়াকত আলী (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন শ্রমিক গুরুতর আহত হয়েছে। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে কয়েকজন।
রবিবার (২৯ মার্চ) ভোরে উপজেলার যাদুকাটা নদীর জালরটেক বাশঁ বাগানে দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,বাদাঘাট ইউনিয়ন ঘাগটিয়া জালরটেক এলাকার শামসু মিয়ার বাড়ির পাশে যাদুকাটা নদীর তীরে বাঁশ বাগান এলাকায় ভোরে বালু উত্তোলন করতে যায় শ্রমিকগন। এ সময় হঠাৎ করেই নদীর পাড় ধসে পড়ে। সাথে থাকা লোকজন ঘন্টা খানেক চেষ্টাড পর তাকে উদ্ধার করে। এতে ঘটনাস্থলেই বিশ্বম্ভরপুর উপজেলা সিরাজপুর গ্রামের বাসিন্দা লেয়াকত আলী বালুচাপা পড়ে মারা যান।
এ সময় আরও কয়েকজন শ্রমিক গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় প্রভাবশালীরা নিয়মবহির্ভূতভাবে নদীর পাড় বিক্রি করছে আর শ্রমিক দিয়ে বালু উত্তোলন করে নৌকায় করে পাঠিয়ে দিচ্ছে দেশের বিভিন্ন স্থানে। এ কারণে নদীর পাড় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল এবং যাদুকাটা নদী সাগরে পরিনত হয়েছে।
তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।





