ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কুলটিতে পুকুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ফটিক লায়েক (৬৩) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে আসানসোল পুরনিগমের ১০২ নম্বর ওয়ার্ডের সোদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত ফটিক লায়েক স্থানীয়ভাবে একজন সমাজকর্মী, ফুটবল রেফারি ও দিনমজুর হিসেবে পরিচিত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ছয়টার দিকে ফটিক লায়েক তাঁর দুই সঙ্গী হরিশ ধীবর ও মোহন ধীবরকে নিয়ে বাড়ির কাছে একটি পুকুরে মাছ ধরতে যান। এ সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে পুকুরের কাছে বজ্রপাত হলে ফটিক লায়েক পানিতে পড়ে যান এবং তাঁর দুই সঙ্গী পাড়ে ছিটকে পড়ে অচেতন হয়ে পড়েন।
পরে তাঁদের জ্ঞান ফিরলে তাঁরা ফটিক লায়েককে উদ্ধার করে দ্রুত আসানসোল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং একটি অপমৃত্যুর মামলা করে ঘটনার তদন্ত শুরু করেছে।





