নরসিংদীর রায়পুরায় একটি শিল্পকারখানায় সংঘটিত ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন—হৃদয় ও নূরে আলম (ওরফে মিঠাই)।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ৬ এপ্রিল বিকেলে নরসিংদী মডেল থানার উপজেলা মোড় এলাকা থেকে হৃদয়কে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউসিয়া এলাকায় অভিযান চালিয়ে নূরে আলমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি নীল রঙের পিকআপ ভ্যান উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ২২ মার্চ দিবাগত রাতে রায়পুরা উপজেলার মাহমুদাবাদ এলাকায় ঢাকা–সিলেট মহাসড়কসংলগ্ন বিএলএস নামের একটি কারখানায় একদল সশস্ত্র ডাকাত হানা দেয়। ডাকাতরা দেশীয় অস্ত্র দিয়ে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে কারখানার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় রায়পুরা থানায় একটি মামলা হয়।
ডিবি জানায়, গ্রেপ্তার দুজন একটি পেশাদার ডাকাত চক্রের সদস্য। নূরে আলমের বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অস্ত্র আইনে বিভিন্ন থানায় আটটি মামলা বিচারাধীন রয়েছে। হৃদয়ের বিরুদ্ধেও আগে দুটি ডাকাতির মামলা রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার ও লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পরে গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।





