নরসিংদীর শিবপুর উপজেলায় বিশেষ অভিযানে অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে পরিচিত ‘শুটার মোবারক’ (২৫) গ্রেপ্তার হয়েছেন।
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে শিবপুর মডেল থানা–পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পুটিয়া ইউনিয়নের কামারগাঁও গ্রামের পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় নিজ বাড়ি থেকে মোবারককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোবারক শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম হারুন অর রশিদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তাঁর বাবার নাম বরুজ মিয়া।
পুলিশের তথ্য অনুযায়ী, মোবারকের বিরুদ্ধে হত্যা ও মাদকসহ পাঁচটি মামলা রয়েছে। এলাকায় তিনি ‘শুটার মোবারক’ নামে পরিচিত। দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
শিবপুর মডেল থানা–পুলিশের এক কর্মকর্তা বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তাঁকে আদালতে সোপর্দ করা হবে।
এ অভিযানের পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।





