সুনামগঞ্জ সদর উপজেলার দেখার হাওরের গুজাউনি বাঁধ ভেঙে হাওরে পানি প্রবেশ করায় প্রায় ৩ হাজার হেক্টর বোরো ধান পানির নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষকেরা অভিযোগ করেন, অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ ও রক্ষণাবেক্ষণের অভাবেই এ ভাঙনের ঘটনা ঘটেছে। এতে তাঁদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
কৃষকেরা জানান, শনিবার (১১ এপ্রিল) সকালে বাঁধটি ভেঙে হাওরে পানি প্রবেশ শুরু হয়। পানি ঢুকতে শুরু করলে স্থানীয় শত শত কৃষক স্বেচ্ছাশ্রমে মাটি ও বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, চলতি বছর এ বাঁধে পিআইসি কমিটির মাধ্যমে কোনো কাজ না হওয়ায় এটি দুর্বল হয়ে পড়ে। এ ছাড়া দায়িত্বশীলদের অবহেলায় হাওরের অনেক বাঁধেই কাজ হয়নি। ফলে পানির চাপে সেগুলো ভেঙে গিয়ে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।
এ অবস্থায় ফসল রক্ষা নিয়ে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন কৃষকেরা। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারেন বলে আশঙ্কা করছেন হাওরপাড়ের কৃষক ও সচেতন মহল।
স্থানীয় কৃষক ফারুক মিয়া বলেন, “অনেক চেষ্টা করে বাঁধ দিয়ে পানি প্রবেশ কিছুটা নিয়ন্ত্রণ করা গেলেও আশঙ্কা রয়ে গেছে। বাঁধ ভালোভাবে নির্মাণ করা খুবই প্রয়োজন। না হলে আমাদের দুঃখের শেষ থাকবে না।”
সুনামগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আদিত্য পাল বলেন, ক্ষতিগ্রস্ত বাঁধ দ্রুত মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কাজ চলমান রয়েছে।





