হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ইব্রাহিম মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার খাগাউড়া ইউনিয়নের খালপার এলাকার ব্র্যাক স্কুল মাঠে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ফুটবল খেলা নিয়ে একই গ্রামের আব্দুল মোত্তালিবের ছেলে শান্ত (২০) ও সৌরভ (১৯)-এর সঙ্গে নিলধন মিয়ার ছেলে ইব্রাহিম মিয়ার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিরোধের জেরে শান্ত ও সৌরভ দেশীয় ধারালো অস্ত্র দিয়ে ইব্রাহিমকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন।
পরে স্থানীয় লোকজন ইব্রাহিমকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।




