নরসিংদী সদর হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার রাত আনুমানিক সাড়ে ১০টায় পরিচালিত এ অভিযানে হাসপাতাল প্রাঙ্গণে অবস্থানরত দুই দালালকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
আটক ব্যক্তিরা হলেন—মো. কায়কোবাদ (৫০), দত্তপাড়া, নরসিংদী সদর। তাঁকে ৫০ টাকা জরিমানা এবং ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জানা গেছে, এর আগেও তিনি একই অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করেছেন।
অপর আটক ব্যক্তি রাসেল, কাউরিয়াপাড়া, নরসিংদী সদর। তাঁকে ৫০ টাকা জরিমানা এবং ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। অভিযানে সার্বিক সহযোগিতা করে জেলা পুলিশ।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, যাতে হাসপাতালের পরিবেশ দালালমুক্ত রাখা যায় এবং সেবাগ্রহীতারা নির্বিঘ্নে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারেন।





