সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী যাদুকাটা নদীর তীরে কেটে বালু লুটের ঘটনায় ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ সময় বালুভর্তি দুটি স্টিলবডি নৌকা জব্দ করা হয়েছে।
রোববার (৩ মে) বিকেলে তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এএসআই) মনজুর আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এর আগে ভোরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদীর গরকাটি এলাকায় স্থানীয় লোকজন নৌকা দুটি আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘাগটিয়া গ্রামের নুরুজ আলীর ছেলে কাহার মিয়া (৩২), গড়কাটি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মাসুক মিয়া (৩৮), একই গ্রামের বাহার মিয়া (২৬), ফজু রহমানের ছেলে মোজাহিদ ও শুকুর মাহমুদের ছেলে লাম উদ্দিনসহ ১৫–১৬ জনের একটি চক্র যাদুকাটা নদীর ঘাগটিয়া জালরটেক এলাকার বাঁশবাগানসংলগ্ন তীর কেটে দুটি নৌকায় বালু তুলছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে চক্রের সদস্যরা নৌকা নিয়ে পালিয়ে যান।
পরে স্থানীয় লোকজনের সহায়তায় ভোরে গরকাটি এলাকা থেকে বালুভর্তি নৌকা দুটি আটক করা হয়। সেগুলো জব্দ করে থানায় নেওয়া হয়েছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারাসহ দণ্ডবিধির ৩৭৯ ধারায় ছয়জনের নাম উল্লেখ করে এবং ১০–১২ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে।





