ঈদকে সামনে রেখে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার চা বাগানের অসচ্ছল শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা দেওয়া হচ্ছে। উপজেলার ১৮টি চা বাগানের ৪ হাজার ৬৬৮ জন শ্রমিককে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় জনপ্রতি ৭ হাজার ৮০০ টাকা করে মোট ৩ কোটি ৬৪ লাখ ১০ হাজার ৪০০ টাকা প্রদান করা হচ্ছে।
উপজেলা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
শনিবার বিকেলে বড়লেখার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের নিউ সমনবাগ চা বাগানে ভাতার তালিকা যাচাই–বাছাই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ।
সভায় তিনি বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে এই বিশেষ ভাতা প্রদান করা হচ্ছে। পর্যায়ক্রমে আরও শ্রমিককে এ সহায়তার আওতায় আনা হবে।
সভায় চা শ্রমিকদের পক্ষে আদিবাসী নেতা নারায়ণ কর্মী নিউ সমনবাগ, পাথারিয়া ও মোকাম চা বাগানের শ্রমিকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তিনি শিক্ষা, যোগাযোগ, স্যানিটেশন, বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রাণেশ বর্মন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান জয়নাল আবদেীন, সিনিয়র সহসভাপতি নছিব আলী, জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, বড়লেখা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহীদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, সমনবাগ চা বাগানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক ইমদাদ-উর রহমান, দক্ষিণভাগ দক্ষিণ ইউপি প্রশাসনিক কর্মকর্তা তপন চৌধুরী, ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন, ইউপি সদস্য আমিনুল হকসহ স্থানীয় নেতারা।
অনুষ্ঠানে চা শ্রমিক ও স্থানীয় বাসিন্দারাও উপস্থিত ছিলেন।





