হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বিথঙ্গল আখড়া বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাতটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রাথমিকভাবে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে বাজারের একটি রেস্টুরেন্টে আগুনের সূত্রপাত হয়। রেস্টুরেন্টটির মালিক সঞ্জিত রায়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ রেস্টুরেন্টে আগুন জ্বলে ওঠে। এ সময় মসজিদের মাইকে আগুন লাগার ঘোষণা দেওয়া হলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।
একপর্যায়ে রেস্টুরেন্টে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে তিনটি মুদি দোকান ও একটি ইলেকট্রনিকস দোকানসহ মোট সাতটি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে যায়। আগুনের তীব্রতায় কোনো মালামাল সরিয়ে নেওয়া সম্ভব হয়নি।
স্থানীয় লোকজনের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই বাজারের একাধিক দোকান ভস্মীভূত হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, অগ্নিকাণ্ডে তাঁদের প্রায় ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত একাধিক ব্যক্তি বলেন, মসজিদের মাইকে ঘোষণা শুনে তাঁরা বাজারে গিয়ে দেখেন দাউদাউ করে আগুন জ্বলছে। অল্প সময়ের মধ্যেই তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে সবকিছু পুড়িয়ে দেয়।
বানিয়াচং ফায়ার সার্ভিসের স্টেশন লিডার রিয়াজ উদ্দিন বলেন, রাতে খবর পাওয়া গেলেও সড়ক পথে যাতায়াতের প্রতিবন্ধকতার কারণে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়নি। অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।




