ভারতের গুজরাটের সাবরকাঁঠা জেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। বুধবার (২৯ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, যাত্রীবাহী একটি ভ্যান শামলাজি থেকে হিম্মতনগরের দিকে যাচ্ছিল। এ সময় একটি বেসরকারি বাস দ্রুতগতিতে এসে ভ্যানটির পেছনে ধাক্কা দেয়। গামভোই থানার ইন্সপেক্টর অলপেশ চৌধুরী জানান, ধাক্কার অভিঘাতে ভ্যানটি সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়।
জানা যায়, শামলাজি-আহমেদাবাদ জাতীয় সড়কের জসওয়ন্তগড় পাতিয়া এলাকায়, হিম্মতনগরের কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ভ্যানে থাকা ৬ জনের মৃত্যু হয়।
গুরুতর আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে একটি মামলা দায়ের করেছে এবং দুর্ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে।





