বিএনপির রাজনীতি করার কারণে মেয়র থাকাকালে বৈষম্যের শিকার হয়েছেন বলে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শনিবার দুপুরে সিলেট নগর ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে আয়োজিত সুধী সমাবেশে সিলেট সিটি করপোরেশনের সাবেক এই মেয়র এ অভিযোগ তুলে ধরেন।
তিনি বলেন, জলাবদ্ধতা নিরসনে যেসব প্রকল্প এখন উদ্বোধন করা হচ্ছে, সেগুলো তিনি মেয়র থাকাকালে জমা দিয়েছিলেন। তবে বিরোধীদলীয় মেয়র হওয়ায় তখন এসব প্রকল্প অনুমোদন পায়নি। আওয়ামী লীগ সরকারের আমলে প্রায় ১০ বছর মেয়র থাকলেও কোনো প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি বলেও উল্লেখ করেন তিনি।
আরিফুল হক চৌধুরী আরও বলেন, সিলেটের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রকল্প চূড়ান্ত পর্যায়ে গিয়েও আটকে দেওয়া হয়। একইভাবে বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত বিশ্বব্যাংক-সহায়িত প্রকল্পও বাস্তবায়ন করা যায়নি।
তিনি জানান, লাক্কাতুরা থেকে ছড়া খনন করে সুরমা নদীর সঙ্গে সংযুক্ত করা গেলে নগরের অন্তত ৫০টি এলাকা জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে, যা বর্তমান সরকারের আমলেই বাস্তবায়ন সম্ভব।
এ সময় তিনি সিলেটের সম্প্রসারিত এলাকার সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার নাজুক অবস্থার কথাও তুলে ধরে দ্রুত সংস্কারের দাবি জানান।




