হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজ সরাতে যুক্তরাষ্ট্রের ঘোষিত উদ্যোগের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটি বলেছে, প্রণালির নতুন সামুদ্রিক শাসনব্যবস্থায় যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের হস্তক্ষেপ ‘যুদ্ধবিরতির লঙ্ঘন’ হিসেবে গণ্য হবে।
রোববার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ হুঁশিয়ারি দেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি।
আজিজি যুক্তরাষ্ট্রের ‘দোষারোপের রাজনীতি’ প্রত্যাখ্যান করে বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বিভ্রান্তিকর পোস্ট’ দিয়ে হরমুজ প্রণালি বা পারস্য উপসাগর পরিচালিত হবে না। তাঁর ভাষ্য, এ অঞ্চল বাগাড়ম্বরের জায়গা নয়।
এর কিছু সময় আগে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প ঘোষণা দেন, হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে সরিয়ে নিতে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ চেষ্টা করবে। এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘প্রজেক্ট ফ্রিডম’। মধ্যপ্রাচ্যের সময় অনুযায়ী আজ সোমবার সকাল থেকে এটি শুরু হওয়ার কথা।
ট্রাম্প আরও বলেন, সংঘাতের বাইরে থাকা দেশগুলোর জাহাজগুলোকে নিরাপদে সরিয়ে নিতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাঁর দাবি, যুক্তরাষ্ট্রের আলোচকেরা ইরানের সঙ্গে ‘খুব ইতিবাচক আলোচনা’ করছেন, যা সবার জন্য ইতিবাচক ফল বয়ে আনতে পারে।
মার্কিন প্রেসিডেন্টের ভাষ্য, কোনো অপরাধ না করেও পরিস্থিতির শিকার হওয়া মানুষ, কোম্পানি ও দেশগুলোকে সহায়তা দিতেই এই উদ্যোগ। তিনি এটিকে ‘মানবিক পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেন এবং বলেন, অনেক জাহাজে খাদ্যসংকট দেখা দেওয়ায় তাদের সহায়তা করা জরুরি হয়ে পড়েছে।
তবে এই উদ্যোগে কেউ বাধা দিলে তাকে ‘কঠোরভাবে মোকাবিলা’ করা হবে বলেও সতর্ক করেন ট্রাম্প।




