চুনারুঘাট উপজেলা-র গাজীপুর ইউনিয়নের ইকরতলী এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে র্যাব-৯। বুধবার রাত প্রায় ১০টার দিকে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
র্যাব-৯ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯-এর সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল ইকরতলী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়।
পরে তাঁদের দেহ তল্লাশি ও সঙ্গে থাকা পাঁচটি পোটলা থেকে মোট ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মো. সোহাগ মিয়া (২৬) ও মো. আকতার হোসেন (৩৫)। তাঁরা দুজনই ইকরতলী এলাকার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর আটক ব্যক্তিদের চুনারুঘাট থানা-য় হস্তান্তর করা হয়েছে।




