বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের শহীদ নাজমুল আহসান হল ইউনিটের উদ্যোগে নবীনবরণ ও রক্তদাতাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ মে) সন্ধ্যা সাতটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ নাজমুল আহসান হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ১২ জন রক্তদাতাকে সংবর্ধনা দেওয়া হয়। তাঁরা হলেন রাকিব হোসেন সৌরভ, মো. আতিকুর রহমান আশিক, মো. আব্দুল্লাহ আল মাহমুদ, মো. জসিম উদ্দিন, মো. আব্দুল্লাহ আল নোমান, মো. সৌরভ হোসাইন, চৌধুরী রেজওয়ান রিফাত, ইসতিয়াক হাসান, মো. আবু হোরাইরা আল রিজন, সাদিব বিন আসাদ, খন্দকার সাব্বির হোসাইন তামিম ও মো. ইশতিয়াক আহমেদ। পরে ফুল ও উপহার দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
আয়োজকেরা জানান, বাঁধনের শহীদ নাজমুল আহসান হল ইউনিট ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত মোট ৮৩ ব্যাগ বিশুদ্ধ রক্ত সরবরাহ করেছে। এর মধ্যে নতুন রক্তদাতার সংখ্যা ২১ জন।
অনুষ্ঠানে বাঁধনের হল ইউনিট সভাপতি ইনজামুল ইসলাম স্নিগ্ধ সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল শায়ের। প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ড. মো. সামছুল আলম। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন শহীদ নাজমুল আহসান হলের প্রভোস্ট অধ্যাপক ড. কাজী কামরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুল সিদ্দিক, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম ও উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান। এ ছাড়া বাঁধনের সদস্য ও নবীন শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. সামছুল আলম বলেন, মানবতার সেবায় বাঁধন যে কাজ করে যাচ্ছে, তা প্রশংসনীয়। একজন মানুষের সামান্য রক্তদান অন্য একজন মানুষের জীবনে নতুন আশার আলো নিয়ে আসে। তিনি বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করেছে, যা বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের।





