সুনামগঞ্জের শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিরব আহমেদ (১৫) নামের এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। তারা দুজনই আক্তাপাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্র।
নিহত নিরব উপজেলার দরগাপাশা ইউনিয়নের ইসলামপুর গ্রামের সৌদি আরবপ্রবাসী তাজুল ইসলাম ওরফে তাদির আহমদের ছেলে। সে আক্তাপাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
আজ সোমবার বিকেলে উপজেলার পাগলা-জগন্নাথপুর সড়কের আক্তাপাড়া সিচনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিরবের চাচাতো ভাই সাকিবুল ইসলাম (১৫) গুরুতর আহত হয়েছে। তাকে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাকিবুল একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আক্তাপাড়া মিনাবাজার থেকে পাগলা বাজারে সবজি কিনতে জিক্সার মোটরসাইকেলে রওনা হয় দুই কিশোর। পথে শান্তিগঞ্জ-জগন্নাথপুর সড়কের আক্তাপাড়া সিচনী এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই নিরবের মৃত্যু হয়।
গুরুতর আহত অবস্থায় সাকিবুলকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কৈতক ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে সিলেটে পাঠানো হয়।
আক্তাপাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মঈনুল হক বলেন, নিহত নিরব মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলী উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।





