বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় আগের তুলনায় অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সোমবার রাতে এ তথ্য জানান। তিনি বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কিছু সময়ের জন্য আত্মীয়স্বজন ও পরিচিতজনের সঙ্গে সাক্ষাৎ করতে পারছেন মির্জা আব্বাস।
শায়রুল কবির খান জানান, পবিত্র ঈদুল আজহার আগেই মির্জা আব্বাসকে দেশে ফিরিয়ে আনতে আগ্রহী তাঁর পরিবারের সদস্যরা। এ প্রসঙ্গে তিনি বলেন, তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মির্জা আব্বাসের দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।
এরপর উন্নত চিকিৎসার জন্য প্রথমে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। পরবর্তী সময়ে বিশেষায়িত চিকিৎসা ও পুনর্বাসনের জন্য নেওয়া হয় মালয়েশিয়ায়।




