সিলেটের বিছানাকান্দি পর্যটন এলাকায় ঘুরতে গিয়ে গোসল করতে নেমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১৫ মে) বিকেল চারটার দিকে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বিছানাকান্দির একটি জলাশয়ে এ ঘটনা ঘটে।
নিখোঁজ শিক্ষার্থীর নাম শান্ত বনিক। তিনি শাবিপ্রবির পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
সন্ধ্যা পৌনে সাতটা পর্যন্ত ওই শিক্ষার্থীর কোনো খোঁজ পাওয়া যায়নি।
বিছানাকান্দি টুরিস্ট পুলিশের ক্যাম্প ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে তারা খবর পান। পরে সিলেট থেকে ডুবুরি দল রওনা দেয়। সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত দলটি ঘটনাস্থলে পৌঁছায়নি। তবে ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে পৌঁছানোর কথা ছিল।
মো. ফারুক আরও বলেন, ঘটনাস্থলটি ভারত-বাংলাদেশ সীমান্তের নোম্যান্সল্যান্ডসংলগ্ন একটি জলাশয়। তিনজন গোসল করতে নামেন। তাঁদের মধ্যে দুজন উঠে আসতে পারলেও শান্ত বনিক নিখোঁজ হন। স্থানীয় লোকজন নৌকা নিয়ে উদ্ধারের চেষ্টা চালালেও তাঁকে খুঁজে পাওয়া যায়নি। ডুবুরি দল পৌঁছানোর পর উদ্ধার অভিযান শুরু হবে।




